দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এ স্প্রিং-২০২৬ সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর গ্রিন রোডে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান আলমজেব ফারজাদ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড প্রফেসর অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং ম্যাক হোল্ডিংস (প্রাইভেট) লিমিটেডের ডেপুটি চেয়ারম্যান ও ভাইস প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে আলমজেব ফারজাদ আহমেদ নবীন শিক্ষার্থীদের ইউএপি পরিবারে স্বাগত জানিয়ে শৃঙ্খলা, সততা ও আত্মবিশ্বাসের সঙ্গে শিক্ষাজীবন পরিচালনার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বোর্ড অব ট্রাস্টিজের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ উচ্চশিক্ষার জন্য ইউএপিকে বেছে নেওয়ায় শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে জ্ঞান অন্বেষণে কৌতূহলী হওয়া, সমালোচনামূলক চিন্তাভাবনা গড়ে তোলা এবং বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা ও শিক্ষকদের দিকনির্দেশনার সর্বোচ্চ ব্যবহার করার পরামর্শ দেন।
সৈয়দ এরশাদ আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের সূচনা একজন শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নেতৃত্ব, দলগত কাজ ও পেশাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার, শৃঙ্খলা, সততা এবং আজীবন শিক্ষার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. এ. কে. এম. নজরুল ইসলাম এবং প্রক্টর অধ্যাপক ড. অলোক কুমার সাহা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে অবহিত করেন। এছাড়া শিক্ষার্থী কল্যাণ অধিদপ্তরের (ডিএসডব্লিউ) ভারপ্রাপ্ত পরিচালক মো. মোহাম্মদ রাকিব বিভিন্ন ক্লাব ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা তুলে ধরেন।
এ সময় আরও বক্তব্য দেন স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্সেস অ্যান্ড ডিজাইনের ডিন অধ্যাপক ড. আবু সাঈদ মোশতাক আহমেদ, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. এম. এ. বাকী খলিলী এবং স্কুল অব ফার্মাসির ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহরিয়ার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রাক্তন শিক্ষার্থীও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে বিশ্ববিদ্যালয় সম্পর্কে তাদের প্রত্যাশা এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
এমএস/